কবি মোহন রায়হানকেই দেওয়া হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

0
22
কবি মোহন রায়হানকেই দেওয়া হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

দীর্ঘ নাটকীয়তা ও আলোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মনোনীত হওয়ার পরও নির্ধারিত দিনে পুরস্কার না দেওয়ায় যে সমালোচনার সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানায়। আগামী ২ মার্চ আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানের নাম ঘোষণার পর বিভিন্ন মাধ্যমে আসা অভিযোগগুলো পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে বিস্তারিত পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবিকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পদক প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য কবিতায় মোহন রায়হানসহ মোট ৯ জন মনোনীত হয়েছিলেন। গত বৃহস্পতিবার অন্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলেও রহস্যজনকভাবে মোহন রায়হানের নাম বাদ রাখা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক পোস্টে কবি জানিয়েছিলেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা একটি কবিতার অজুহাতে একটি মহল তার পুরস্কার বাতিলের ষড়যন্ত্র করেছিল। এমনকি পুরস্কার গ্রহণের রিহার্সাল করার পরও শেষ মুহূর্তে তাকে বঞ্চিত করায় সাহিত্যিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা কবি মোহন রায়হান এই পুরস্কার গ্রহণ করবেন কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেলে জাতীয় কবিতা পরিষদের একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সহযোদ্ধা ও সংগঠনের সবার সাথে আলোচনা করেই তিনি পুরস্কার গ্রহণের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here