গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি আবাসিক কলোনি ও পাশের তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাকিষবাথান (টিএনটি) এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ একটি আবাসিক কলোনি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ রূপ নেয়।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা দেড় ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।