নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির অভিযোগে যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা যুবদল। গতকাল (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা যুবদল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্মুক্ত দরপত্র শেষে পরিষদের সামনেই প্রকাশ্যে চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত রাকিবুর রহমান রাজা ইজারাদার ওবায়দুল ইসলাম তপুর দিকে হাত উঁচিয়ে তেড়ে যান এবং ৫ লাখ টাকা না দিলে তাকে হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রাকিবুর রহমান রাজা নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইজারাদার ওবায়দুল ইসলাম তপু একই ইউনিয়নের মৎসজীবী দলের সাবেক সহসভাপতি। উভয়েই আব্দুল আজিজ-এর অনুসারী বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুবদল জানায়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং দলের নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, উন্মুক্ত দরপত্র শেষে যুবদল নেতা উচ্চবাচ্য করেন। তবে ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।