বিজয় থালাপতির ঘর ভাঙার গুঞ্জন: ২৭ বছরের সংসারে বিচ্ছেদের সুর

0
17
বিজয় থালাপতির ঘর ভাঙার গুঞ্জন: ২৭ বছরের সংসারে বিচ্ছেদের সুর

দক্ষিণী সিনেমার মেগাস্টার এবং নবগঠিত রাজনৈতিক দলের প্রধান বিজয় থালাপতির দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরার খবর চাউর হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, অভিনেতার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম ইতিমধেই বিচ্ছেদের আবেদন জানিয়েছেন। এই খবরে থালাপতির অগণিত ভক্ত ও রাজনৈতিক অনুসারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শোনা যাচ্ছে, বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং প্রতারণার মতো গুরুতর অভিযোগ তুলেছেন সঙ্গীতা। যদিও বিজয়ের পারিবারিক জীবন বরাবরই আড়ালে ছিল এবং জনসমক্ষে তাকে খুব একটা স্ত্রীর সঙ্গে দেখা যেত না, তবুও এই বিচ্ছেদের খবরটি সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন সঙ্গীতা।

শ্রীলঙ্কান বংশোদ্ভূত এক তামিল শিল্পপতির মেয়ে সঙ্গীতা একসময় ব্রিটিশ নাগরিক ছিলেন। তাদের পরিচয়ের গল্পটি ছিল সিনেমার মতোই রোমাঞ্চকর। ১৯৯৬ সালে বিজয়ের ‘পুভে উনক্কাগা’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে লন্ডন থেকে চেন্নাইয়ে অভিনেতাকে অভিনন্দন জানাতে এসেছিলেন তিনি। সেই আলাপ থেকেই শুরু হয় প্রেম, যা ১৯৯৯ সালে পরিণয়ে রূপ নেয়। ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও হিন্দু রীতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়েছিল। দীর্ঘ এই পথচলায় তাদের সংসারে দুই সন্তানও রয়েছে।

বর্তমানে বিজয় যখন নিজের রাজনৈতিক ক্যারিয়ার গুছিয়ে নিতে ব্যস্ত, ঠিক তখনই ব্যক্তিগত জীবনের এই টানাপড়েন তাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে বিচ্ছেদ বা স্ত্রীর তোলা অভিযোগ নিয়ে এখন পর্যন্ত বিজয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here