মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

0
15
মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু মুন্সী (৪৩) নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একদল দুষ্কৃতকারী অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় সহিংস কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ায় অভিযান চালালে আসিব হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত আসিবের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ার আকবর শেখের পুকুরপাড়ের একটি কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলবার, এক রাউন্ড তাজা গুলি এবং একটি স্টিলের চাকু উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসিব দাবি করেছেন, উদ্ধার হওয়া এই অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, পলাতক বাবু মুন্সীকে গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে আসিব ও বাবু মুন্সী—এই দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here