পবিত্র রমজান মাসের মধ্যেই প্রতিবেশী আফগানিস্তানের অভ্যন্তরে ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামের এই অভিযানে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে জিও নিউজ। দুই প্রতিবেশী দেশের এমন রক্তক্ষয়ী সংঘর্ষে মধ্যপ্রাচ্যসহ গোটা অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের সামরিক সূত্র দাবি করেছে, এই অভিযানে এখন পর্যন্ত তালেবানের ৩৩১ জন যোদ্ধা নিহত হয়েছেন এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন। পাকিস্তানি বাহিনীর মুহুর্মুহু হামলায় আফগান সীমান্তের ১০৪টি চেকপোস্ট ধূলিসাৎ হয়ে গেছে। এ ছাড়া পাকিস্তান আরও দাবি করেছে যে, তারা আফগানিস্তানের ২২টি সামরিক পোস্ট নিজেদের দখলে নিয়েছে এবং ১৬৩টি ট্যাংক ও সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
তবে আফগান ভূখণ্ডে পাকিস্তান একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে এমনটি নয়। আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক ক্যাম্পগুলো লক্ষ্য করে আফগান বাহিনীও তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে।
এই রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তাদের এই সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করে, তবে ইসলামিক এমিরেটের সশস্ত্র বাহিনী যথাযথ ও চূড়ান্ত ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, আফগান বাহিনীর হাত পাকিস্তানের ‘গলা পর্যন্ত’ পৌঁছানোর সক্ষমতা রাখে।