শ্রীপুরে যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

0
19
শ্রীপুরে যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুরে এক অজ্ঞাত যুবককে (২০) নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেলিহাটি ইউনিয়নের এমসিবাজার-টেংরা আঞ্চলিক সড়কের বৃন্দাবন এলাকার একটি নির্জন স্থানে স্থানীয়রা পোড়া মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের দেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা গেছে, বৃন্দাবন চৌরাস্তার পূর্বদিকে সড়কের পাশের একটি ঝোপের ভেতর মরদেহটি ফেলে রাখা হয়েছিল। নিহতের গলায় রশি পেঁচানো ছিল এবং শরীরের অধিকাংশ অংশ ও পরনের পোশাক আগুনে পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে গলায় ফাঁস দিয়ে ওই যুবককে হত্যা করার পর অপরাধের চিহ্ন মুছে ফেলতে নির্জন এই স্থানে এনে মরদেহটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তেলিহাটি ইউনিয়নের গ্রামপুলিশ শরিফ মিয়া জানান, সকালে কাজে যাওয়ার সময় কারখানার শ্রমিকরা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরবর্তীতে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ২০ বছর বয়সী ওই যুবককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার আলামত পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটন ও পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here