আইনসঙ্গত প্রক্রিয়ায় ফ্যাসিস্টদের বিচার করা হবে, মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স: আইনমন্ত্রী

0
22
আইনসঙ্গত প্রক্রিয়ায় ফ্যাসিস্টদের বিচার করা হবে, মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, আইনসঙ্গত প্রক্রিয়ায় ফ্যাসিস্টদের বিচার করা হবে এবং কোনো অপরাধী ছাড় পাবে না।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছে। ধাপে ধাপে সব সমস্যা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বরাদ্দের অর্থ জনগণের কল্যাণে ব্যয় নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও করা হবে।

মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন দুষ্কৃতকারীর কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে উপস্থাপন করা হবে।

চাঞ্চল্যকর নরসিংদী ধর্ষণ ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, অপরাধীদের কেউ আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নির্মাণকাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশন বাণিজ্য ও চাঁদাবাজি দমনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী বলেন, সে সময় যারা অপরাধ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সভায় ঝিনাইদহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here