হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক যাত্রাকে সার্থক করতে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তার মূল ভিত্তি হলো সাধারণ মানুষের ত্যাগ। তাই এই অর্জিত গণতন্ত্রকে সমুন্নত রেখে জনগণের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য।
বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশের প্রতিটি মানুষ আজ রাজনৈতিক দলগুলোর দিকে আশায় বুক বেঁধে তাকিয়ে আছে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করা এবং তাদের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখাই হবে রাজনীতির মূল সার্থকতা। তিনি দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কেন্দ্র করে সম্মেলন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।