ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

0
19
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঠাকুরগাঁওবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এর জন্য জমিও নির্ধারণ করা হয়েছে। এই মেডিকেল কলেজটি চালু হলে জেলার স্বাস্থ্যসেবার মান আমূল পরিবর্তিত হবে। তিনি আশা প্রকাশ করেন, ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ সমন্বয় করে এই অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, হাসপাতালের সিভিল সার্জন ও সুপারকে সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে জেলা প্রশাসকের পক্ষ থেকে দ্রুতই নতুন একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে। এই সল্প সময়ের মধ্যেই দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা জনবল সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা হচ্ছে। সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে জেলার সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। যারা দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কর্মরত আছেন, তাদের বিভিন্ন সমস্যার সমাধানও দ্রুততম সময়ের মধ্যে করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here