যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে খামেনির মৃত্যুকে একটি ‘বড় অপরাধ’ হিসেবে অভিহিত করে বলেন, এই জঘন্য হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ অধিকার এবং নৈতিক দায়িত্ব। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরান এই প্রতিশোধ নেওয়ার জন্য তার হাতে থাকা সমস্ত সামরিক ও কৌশলগত শক্তি প্রয়োগ করবে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, “আমরা এই পবিত্র দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য আমাদের সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত।” খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তিনি জাতিকে ধৈর্য ধারণ এবং সংহতি বজায় রাখার আহ্বান জানান।
ইতিমধ্যেই ইরানের ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী’ (আইআরজিসি) মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। খামেনি পরবর্তী ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’-এর প্রধান হিসেবে মাসুদ পেজেশকিয়ানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও যুদ্ধমুখী করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।