পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
রোববার (১ মার্চ) ‘জিও নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হতাহতের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার প্রতিবাদে করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে তারা সমাবেশ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
এমটি খান রোড এলাকা থেকে প্রথমে ৬টি মরদেহ ও ১০ জন আহতকে করাচির সিভিল হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের ট্রমা সেন্টার জানায়, সেখানে মোট ৭টি মরদেহ ও ১৮ জন আহতকে আনা হয়েছে। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯ জনে দাঁড়ায়।
উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।