জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৫

0
14
জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীর ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সুটিয়া গ্রামের জামায়াত-সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর দীর্ঘদিনের বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য শনিবার রাতে বাজারে বসার কথা থাকলেও সন্ধ্যার আগেই কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে জামায়াত নেতা মাওলানা ইসরাইলের নেতৃত্বে মেহেদীর বাড়িতে হামলা চালানো হয়। এতে মেহেদী আহত হন। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া দিলে জামায়াতের কয়েকজন আহত হন।

জামায়াতের পক্ষ থেকে আহতদের মধ্যে সুটিয়া গ্রামের হাফিজুর রহমান (৪৫), মফিজুর রহমান (৪০), খায়রুল ইসলাম (৫০) ও হাপুর নাম জানানো হয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

আহত মেহেদী দাবি করেন, বাড়িতে হামলার খবর পেয়ে গেলে তাকেও মারধর করা হয়। তার বাবা জসিম উদ্দীন অভিযোগ করেন, নামাজ শেষে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকাকালে তাকে হামলার শিকার হতে হয়।

জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়ের অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে জামায়াতের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলা চালাচ্ছে। তবে হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আখতারুজ্জামান দাবি করেন, তাদের তিনজন গুরুতর আহত হয়েছেন এবং তারা আইনগত ব্যবস্থা নেবেন।

ওসি সোলায়মান সেখ জানান, বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here