মধ্যপ্রাচ্য রণক্ষেত্র: দুবাই ও আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ১

0
16
মধ্যপ্রাচ্য রণক্ষেত্র: দুবাই ও আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের জবাবে ইরানজুড়ে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। দুবাই ও আবুধাবির মতো ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১ মার্চ) এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের আকাশপথে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ নিচে পড়ে একজন নিহত এবং সাতজন আহত হন। অন্যদিকে, বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারজন কর্মী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই পরিস্থিতির কারণে দুবাই ও আবুধাবিসহ উপসাগরীয় অঞ্চলের হাজার হাজার ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে, যাকে করোনা মহামারির পর বৈশ্বিক আকাশপথের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

হামলার প্রভাব কেবল বিমানবন্দরেই সীমাবদ্ধ থাকেনি; দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরাহ এলাকার একটি বিলাসবহুল হোটেলে বিস্ফোরণ এবং বুর্জ আল আরব হোটেলের বাইরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া জেবেল আলি গভীর সমুদ্রবন্দরেও আগুনের খবর পাওয়া গেছে। ওমানের দুকুম বাণিজ্যিক বন্দরে দুটি ড্রোন হামলায় একজন কর্মী আহত হয়েছেন এবং কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশসীমায় ইরান ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন ছুড়েছে, যার ধ্বংসাবশেষ পড়ে আটজন আহত হয়েছেন।

আঞ্চলিক নিরাপত্তার এই চরম অবনতির মধ্যে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবন্দরও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে সরাসরি হামলা চালিয়েছে। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে যে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছিল, এই ভয়াবহ হামলার পর তা পুনরায় গভীর অনিশ্চয়তার মুখে পড়ল।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here