শানাকার ঝড়েও রক্ষা হয়নি, পাকিস্তানের জয়ে লঙ্কানদের বিদায়

0
19
শানাকার ঝড়েও রক্ষা হয়নি, পাকিস্তানের জয়ে লঙ্কানদের বিদায়

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা আগেই শেষ হয়েছিল শ্রীলঙ্কার। শেষ ম্যাচে সান্ত্বনার জয়ও হাতছাড়া হলো অল্পের জন্য। দাসুন শানাকার ঝড়ো ব্যাটিংয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হলেও ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। সমান ৩ পয়েন্ট পেয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ শেষ করতে হলো পাকিস্তানকে।

২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। ৭ বলে ৩ রান করে ফিরলে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। অপর ওপেনার কামিল মিশরা ১৫ বলে ২৬ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৩ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নিলে চাপে পড়ে লঙ্কানরা।

এরপর চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে ৪২ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্বস্তি দেন। আসালঙ্কা ২৫ রান করে আউট হন। কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুত ফিরে গেলে আবারও বিপদে পড়ে স্বাগতিকরা।

এ সময় অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে লড়াই চালান পবন। দুজন মিলে ৬১ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। পবন ৫৮ রান করে বিদায় নেন। শেষ ১৫ বলে প্রয়োজন ছিল ৫১ রান। শেষ ওভারে দরকার দাঁড়ায় ২৮ রান।

শাহিন আফ্রিদির করা শেষ ওভারে শানাকা এক চার ও টানা তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। তবে শেষ দুই বলে ৬ রান তুলতে না পারায় ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রানেই থামে শ্রীলঙ্কা। শানাকা ৩১ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন, তার ইনিংসে ছিল ২ চার ও ৮ ছক্কা।

এর আগে সাহিবজাদা ফারহান ও ফখর জামানের ১৭৬ রানের উদ্বোধনী জুটিতে ৮ উইকেটে ২১২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। ফারহান ১০০ এবং ফখর ৮৪ রান করেন। তবে এই জুটি ভাঙার পর দ্রুত ৮ উইকেট হারিয়ে আরও বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করে পাকিস্তান।

সুপার এইটে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here