ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ‘স্কাইলাইট’ নামের ট্যাঙ্কারটি মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে আক্রান্ত হয়।
হামলার সময় জাহাজটিতে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় চারজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
হামলার ধরন বা এর পেছনে কারা জড়িত—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দুকুম বন্দরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন।
ওমান উপকূলে পরপর দুটি হামলার ঘটনায় অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।