ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একই সঙ্গে তিনি চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে চরমোনাই পীর বলেন, “ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।” তিনি এ ঘটনাকে বর্বরোচিত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মার্কিন-ইসরায়েলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বব্যাপী পড়বে।” তিনি অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানান।
এ ছাড়া শোকাহত ইরানি জনগণের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন চরমোনাই পীর।