ভূমিকম্পসহ যেকোনো ধরনের দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
মন্ত্রী বলেন, দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও জরুরি কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলাস্থান চিহ্নিত করে স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে।
সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ আন্তর্জাতিক বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।