নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক বাদশা প্রামাণিক। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
আক্রান্ত বাদশা প্রামাণিক ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক একুশে বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন টেপাখরিবাড়ি ইউনিয়নের রিপন ইসলাম শেখ (২৭), গয়াবাড়ী এলাকার জাহাঙ্গীর আলম (৪৫), আব্দুল করিম (৩২) এবং দক্ষিণ খরিবাড়ির তানজিরুল ইসলাম তুহিন (২৭)।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা দীর্ঘদিন ধরে তিস্তা নদীতে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে বাদশা প্রামাণিক মোটরসাইকেল যোগে ওই এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। ছবি ও ভিডিও ধারণ করে ফেরার পথে আসামিরা তার পথরোধ করে এবং ধারণকৃত দৃশ্য মুছে ফেলতে চাপ দেয়। তিনি রাজী না হওয়ায় তাকে বেদম মারধর করা হয়। স্থানীয়রা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী সাংবাদিক বাদশা প্রামাণিক আক্ষেপ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়ে মামলা করলেও পুলিশ আসামিদের ধরতে কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। সংবাদকর্মীদের ওপর এমন হামলার পর পুলিশি নিষ্ক্রিয়তাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
তবে ডিমলা থানার ওসি শওকত আলী সরকার জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।