মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর খোঁজখবর, প্রয়োজনীয় নির্দেশনা

0
17
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর খোঁজখবর, প্রয়োজনীয় নির্দেশনা

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা অনেক ফ্লাইট বাতিল হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের বিষয়ে করণীয় নিয়েও আলোচনা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ কাজে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here