রাজবাড়ীর পাংশায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

0
18
রাজবাড়ীর পাংশায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাজীপুর থেকে ২২ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাংশা উপজেলার দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। অভিযুক্তরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল এবং একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল।

ভুক্তভোগী তরুণী নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।

অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের জয়নাল শেখের ছেলে সজলের সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান ঘটে। এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল ফোন করে তাকে পাংশায় এনে সজলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। সেই আশ্বাসে তিনি গাজীপুর থেকে পাংশায় আসেন।

অভিযোগ করা হয়েছে, পরে তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে গিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুলও নিয়ে নেওয়া হয়।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here