স্যাঞ্জু স্যামসন ঝলকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

0
18
স্যাঞ্জু স্যামসন ঝলকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

সেমিফাইনালে উঠতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোই ছিল ভারতের সামনে একমাত্র সমীকরণ। রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে সেই চ্যালেঞ্জ উতরে গেছে স্বাগতিকরা। ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত।

টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা ১০ রান করে ফেরেন। পাওয়ার প্লের আগেই ইশান কিষানও (১০) আউট হন। তৃতীয় উইকেটে স্যাঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৫৮ রানের জুটি গড়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন। সূর্যকুমার ফেরার পর তিলক ভার্মা (২৭) ও হার্দিক পান্ডিয়া (১৭) সেট হয়ে আউট হন।

তবে একপ্রান্ত আগলে রাখেন স্যাঞ্জু। তিন রানের জন্য সেঞ্চুরি না পেলেও ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত শুবমান দুবে ৪ বলে ৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। অনবদ্য ইনিংসের জন্য ম্যাচসেরা হন স্যাঞ্জু।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও শামার জোসেফ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান আকিল হোসেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শাই হোপ ও রোস্টন চেজ ৬৮ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন ক্যারিবীয়দের। হোপ ৩২ রান করে আউট হন। চেজ ২৫ বলে ৪০ রান করেন। শিমরন হেটমায়ার ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেললেও মাঝপথে ধস নামে। ১৭ রানের মধ্যে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষদিকে রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার ঝড় তোলেন। ৩৫ বলে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতে শেষ ৫ ওভারে ৭০ রান যোগ হয়। পাওয়েল ১৯ বলে ৩৪ ও হোল্ডার ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ দুটি এবং হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here