লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

0
23
লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

আক্রমণভাগের খেলোয়াড়রা গোলের দেখা না পেলেও রক্ষণভাগের দুই তারকার নৈপুণ্যে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আর্সেনাল।

রোববার (১ মার্চ) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ব্লুজদের ২-১ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল গানাররা।

ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনাল। খেলার ২১ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে লিড নেয় স্বাগতিকরা। গ্যাব্রিয়েল মাগালিয়াইসের হেডে উইলিয়াম সালিবার স্পর্শ লাগার পর চেলসি ডিফেন্ডার মামাদুর গায়ে লেগে বল জালে জড়ায়।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পিয়েরো ইনকাপিয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। বিরতির পর ৬৬ মিনিটে আবারও সেট পিস থেকে গোল আদায় করে নেয় আর্সেনাল। এবার ডেক্লান রাইসের কর্নার থেকে দুর্দান্ত হেডে জাল কাঁপান ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার।

ম্যাচের শেষ দিকে চেলসির বিপদ আরও বাড়ে যখন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয়েও চেলসি সমতায় ফেরার চেষ্টা চালিয়েছিল, কিন্তু যোগ করা সময়ে আলেহান্দ্রো গার্নাচোর জোরালো শট আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া অসাধারণ দক্ষতায় রুখে দিলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই হারের পর ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রইল চেলসি, অন্যদিকে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সংহত করল আর্সেনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here