মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

0
22
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসসহ পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনৈতিক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সন্ত্রাসবাদ দমন, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে ‘এসপিইএআর’ (SPEAR) প্রোগ্রাম দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি সতর্ক করে বলেন, দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরিত না হলে এই প্রোগ্রামের জন্য বরাদ্দকৃত তহবিল অন্য দেশে চলে যেতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন।

এছাড়া অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশে ‘ইলেক্ট্রনিক ন্যাশনালিটি ভেরিফিকেশন’ বা ইএনভি (ENV) প্রোগ্রাম চালুর প্রস্তাব দেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি জানান, এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় বাংলাদেশ ‘গ্রিন জোন’-এ অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে।

বৈঠকে রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পুলিশের প্রায় ৩০ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে, তবে নিয়মিত বদলি ও অবসরের কারণে এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত সভা বা কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here