গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩ মার্চ) কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপি আয়োজিত কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের বৈধতাকে আদালতে চ্যালেঞ্জ করে একটি পক্ষ ষড়যন্ত্রের পায়তারা করছে। জনগণের এই রায়কে যদি আইনি মারপ্যাঁচে বাধাগ্রস্ত করা হয়, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমরা আবারও সেই জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না— “হাইকোর্ট না রাজপথ?”। আমাদের এই স্লোগান দিতে বাধ্য করবেন না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খুনিদের আগে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অপরাধীদের হস্তান্তর করার পরেই কেবল ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ আছে, এর আগে নয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলে অংশ নেন।