‘চিরস্থায়ী’ যুদ্ধ চালানোর সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে: ট্রাম্প

0
20
‘চিরস্থায়ী’ যুদ্ধ চালানোর সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র মজুদ নিয়ে বড় ধরনের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ মার্চ) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের ‘অসীম’ সরবরাহ রয়েছে, যা দিয়ে যেকোনো যুদ্ধ ‘চিরকাল’ চালিয়ে যাওয়া সম্ভব।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেন, “আমাদের অস্ত্রাগারে মাঝারি ও উচ্চ-মাঝারি গ্রেডের অস্ত্রের মজুদ এখন ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি ও উন্নত। আমাকে আজ জানানো হয়েছে যে, এই ধরণের অস্ত্রের কার্যত এক অসীম সরবরাহ আমাদের হাতে রয়েছে। এই রসদ ব্যবহার করেই আমরা চিরকাল অত্যন্ত সফলভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারব।” তবে তিনি এটিও স্বীকার করেছেন যে, অতি উচ্চমানের (হাই-এন্ড) অস্ত্রের মজুদ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি, যদিও মিত্র দেশগুলোতে প্রচুর পরিমাণ উচ্চমানের সরঞ্জাম মজুদ রাখা হয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প তাঁর পূর্বসূরি জো বাইডেনের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বাইডেন ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলার মূল্যের উচ্চমানের মার্কিন অস্ত্র ‘বিনামূল্যে’ দিয়ে দিয়েছেন এবং সেই শূন্যস্থান পূরণে কোনো ব্যবস্থা নেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বিদ্রূপ করে তিনি বলেন, বাইডেন দেশের টাকা ও সম্পদ বিলিয়ে দিয়েছেন কিন্তু নিজেদের মজুদ শক্তিশালী করার কথা ভাবেননি।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে এবং ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় ইরান ও মার্কিন ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি তাঁর প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছিলেন এবং বর্তমানেও সেই প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। তাঁর ভাষায়, “যুক্তরাষ্ট্র এখন অস্ত্রে সজ্জিত এবং বড় ধরনের জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here