তিন জেলায় নির্বাচনে কারচুপির অভিযোগে মামলার শুনানি আজ

0
43
তিন জেলায় নির্বাচনে কারচুপির অভিযোগে মামলার শুনানি আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৫ জন প্রার্থী। এর মধ্যে নারায়ণগঞ্জ-২ ও ৩ এবং লালমনিরহাট-১ ও ২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং ময়মনসিংহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এই নির্বাচনি আবেদন করেছেন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগ শুনানির জন্য সম্প্রতি হাইকোর্ট বিভাগে বিশেষ নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চে এই আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির বেসরকারি ফলাফল ঘোষিত হয় এবং নির্বাচন কমিশন তাদের গেজেট প্রকাশ করে। গেজেট প্রকাশের পর নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীর ফলাফল নিয়ে আপত্তি থাকলে তারা নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন।

উল্লেখ্য, উচ্চ আদালতের পূর্বনির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এই বিতর্কিত আসনগুলোর চূড়ান্ত ফয়সালা হবে। এদিকে, গেজেটভুক্ত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here