বগুড়ার ধুনট উপজেলায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে চুরি হওয়া ২৭০ মণ (৪২০ বস্তা) ভারতীয় চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ও গোসাইবাড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত চালগুলো বর্তমানে বগুড়া পুলিশ লাইন্সে রাখা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি হিলি সীমান্ত থেকে ‘আজাদ গ্রুপ’ নামক একটি প্রতিষ্ঠানের ৪২০ বস্তা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স চাল নিয়ে একটি ট্রাক বগুড়ার উদ্দেশে রওনা হয়। পরদিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকের চালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে কোম্পানির পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসান এবং ধুনট থানার উপ-পরিদর্শক ওসমান গণির নেতৃত্বে পুলিশের একটি যৌথ দল অভিযানে নামে। অভিযানে চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের সুরুজ মিয়ার বসতঘর থেকে ৩৪০ বস্তা এবং গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মইনুল মণ্ডলের ঘর থেকে বাকি ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সদর থানার পুলিশকে তারা অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং উদ্ধারকৃত চাল তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চালের প্রকৃত মালিককে খবর দেওয়া হয়েছে এবং বুধবার তিনি উপস্থিত হয়ে নিয়মিত মামলা দায়ের করবেন। বর্তমানে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অব্যাহত রয়েছে।