ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার রেশ কাটতে না কাটতেই এবার দেশটির রাজধানী তেহরানে সরাসরি ও ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বাংলাদেশ সময় বুধবার (৪ মার্চ) ভোর ৫টার পর থেকে এই আক্রমণ শুরু হয়। প্রায় একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তেহরানে পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্যবস্তু হলো ইরানের মিসাইল লঞ্চিং সাইট, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো। গত শনিবার খামেনিসহ শীর্ষ নেতাদের ওপর হামলার পর ইরানের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা আঘাতের আশঙ্কায় ইসরায়েল এই ‘প্রতিরোধমূলক’ আক্রমণ চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, লেবাননের রাজধানী বৈরুতেও বিকট বিস্ফোরণে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বার্তাসংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলে রকেট ও মিসাইল হামলার ঠিক কিছুক্ষণ পরেই বৈরুতে এই পাল্টা বিস্ফোরণ ঘটে। উল্লেখ্য, গত শনিবার খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে দুদিন পরই ইসরায়েলে প্রথম রকেট নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। এরপর তারা দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইসরায়েল এবার লেবানন ও ইরানে একযোগে হামলা শুরু করল।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর কেবল সীমান্তবর্তী লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি রাষ্ট্রীয় পর্যায়ে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিচ্ছে। তেহরানের আকাশপথে বিস্ফোরণের শব্দ এবং প্রতিরক্ষা সাইটগুলোতে আঘাত হানার ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়া যুদ্ধকে সরাসরি সম্মুখ সমরে রূপান্তর করেছে।