আসন্ন বাংলাদেশ সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন তারকা ব্যাটার বাবর আজম ও সাইম আয়ুব। অন্যদিকে, বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদীর নেতৃত্বে স্কোয়াডে ডাক পেয়েছেন এখনও পর্যন্ত ওয়ানডে না খেলা ছয়জন ক্রিকেটার। আগামী ১১ থেকে ১৫ মার্চ ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সিরিজ অনুষ্ঠিত হবে।
দল থেকে বাবর আজম এবং সাইম আয়ুবের বাদ পড়াটা বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও ওয়ানডেতে তাদের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। বিশেষ করে বাবর আজমকে এই দলের সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজেও তিনি অপরাজিত সেঞ্চুরি করেছিলেন। মিরপুরের উইকেটে তার উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত। অন্যদিকে, সাইম আয়ুবও এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে প্রায় ৪৭ গড় এবং একশর বেশি স্ট্রাইক রেটে তিনটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন।
নতুন মুখ হিসেবে দলে সুযোগ পাওয়া ছয়জন ক্রিকেটার হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এদের মধ্যে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকা ফারহান ছাড়াও সামাদ, সাদাকাত, মাসুদ এবং শামিল সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিন্স স্কোয়াডের হয়ে খেলেছেন।
অধিনায়ক হিসেবে এটি শাহীন শাহ আফ্রিদীর দ্বিতীয় ওয়ানডে অ্যাসাইনমেন্ট। এর আগে তার নেতৃত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। দলটিও রয়েছে দারুণ ছন্দে। গত বছরের নভেম্বরে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। তাছাড়া পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একচেটিয়া আধিপত্য দেখা যায়। এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলা ৩৯টি ওয়ানডে ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪টিতে, আর বাংলাদেশের জয় মাত্র ৫টিতে।
ঘোষিত ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াডে রয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদী, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা এবং শামিল হুসেইন।
ঘোষিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। এরপর একদিন বিরতি দিয়ে ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের সবগুলো ম্যাচই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।