মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বুধবার (৪ মার্চ) ও আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ৪৩৬ আসনবিশিষ্ট বিশাল এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে এই উদ্ধার অভিযান পরিচালিত হবে। দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইউএস-বাংলাসহ সীমিত কয়েকটি এয়ারলাইন্সকে এই বিশেষ অনুমতি প্রদান করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার প্রথম ফ্লাইটটি (বিএস-৩৪১) ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বে এবং দুবাই থেকে রাত ১০টায় ফিরতি যাত্রা শুরু করবে। এই বিশেষ ফ্লাইটগুলোতে বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা দ্রুত শেষ হতে চলেছে, সেই সব প্রবাসী যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছুক যাত্রীরা টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য এয়ারলাইন্সের সেলস সেন্টার, নিকটস্থ ট্রাভেল এজেন্সি অথবা তাদের হটলাইন নম্বর ১৩৬০৫ ও নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট সংকটের মধ্যে প্রবাসীদের কর্মস্থল থেকে নিরাপদে ফিরিয়ে আনার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।