টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি অপরাজিত দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

0
18
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি অপরাজিত দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। দুই দলের সামনেই দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার হাতছানি। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ড এবং ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি কোনো দলই।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডসহ চার প্রতিপক্ষকে হারিয়ে সুপার এইটে ওঠে প্রোটিয়ারা। সেখানেও ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারিয়ে টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে তারা। দলের কোচ শুক্রি কনরাড জানিয়েছেন, ফেভারিট হিসেবে মাঠে নামতে তারা প্রস্তুত এবং স্নায়ুর চাপ সামলে জয় তুলে নিতে ছেলেরা মুখিয়ে আছে।

অন্যদিকে, অনেকটা ভাগ্যের সহায়তায় সেমিফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড। সুপার এইটে ইংল্যান্ডের কাছে হার এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রান রেটে এগিয়ে থেকে শেষ চারে ওঠে কিউইরা। তবে অতীতের সব পরিসংখ্যান ভুলে ঘুরে দাঁড়াতে চায় তারা। বিশেষ করে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারের প্রতিশোধ নিতে মরিয়া অধিনায়ক কেন উইলিয়ামসনের দল। কোচ রব ওয়াল্টার মনে করেন, দক্ষিণ আফ্রিকা ছন্দে থাকলেও নির্দিষ্ট দিনে তাদের হারানো অসম্ভব কিছু নয়।

পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টিতে দুই দল এ পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে, যেখানে ১২টি জয় নিয়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচবারের সাক্ষাতে অপরাজিত রয়েছে প্রোটিয়ারা। আজ কিউইরা এই গেরো ভেঙে ফাইনালে যেতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here