সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

0
20
সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওঠার এই লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ফলে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামছে স্বাগতিক ভারত। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, উইকেট দেখে তার কাছে ভালো মনে হয়েছে এবং তারা বোলিংয়ে একটি ভালো শুরুর প্রত্যাশা করছেন। তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেখানে আগে থেকে কিছু বলা কঠিন। তবে ইংল্যান্ড দল ভারতের রানের চাকা আটকে রাখতে আশাবাদী।

অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন। তিনি বলেন, সেমিফাইনাল একটি বড় মঞ্চ এবং উইকেটটি ব্যাটিংয়ের জন্য সেরা মনে হচ্ছে। মাঠের আশেপাশে বাতাস থাকায় এবং খুব বেশি শিশির পড়ার সম্ভাবনা না থাকায় আগে ব্যাটিং করাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।

সুপার এইট পর্বে গ্রুপ-১ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছে ভারত। শেষ চারের টিকিট নিশ্চিত করতে তাদের বেশ জটিল সমীকরণের মুখোমুখি হতে হয়েছিল। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি সেমিফাইনালে জায়গা করে নেয়। অপরদিকে একই গ্রুপে অপ্রতিরোধ্য ছিল ইংল্যান্ড। সুপার এইটের তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে পূর্ণ ৬ পয়েন্টসহ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here