কুয়েত উপকূলে ইরানি ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

0
9
কুয়েত উপকূলে ইরানি ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ এবার স্পর্শ করল কুয়েত উপকূলকে। বুধবার গভীর রাতে ইরান থেকে আসা একটি ড্রোনের আঘাতে কুয়েত উপকূলে অবস্থানরত একটি তেলের ট্যাংকার জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ‘ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি’ (ইউকেএমটিও) জানিয়েছে, হামলার পর জাহাজটি সাগরে তলিয়ে গেছে।

ইউকেএমটিও-র দেওয়া বিবৃতি অনুযায়ী, ড্রোন হামলার পরপরই জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বর্তমানে ডুবে যাওয়া জাহাজটি থেকে বিপুল পরিমাণ তেল চুইয়ে পারস্য উপসাগরের পানিতে মিশে যাচ্ছে, যার ফলে ওই অঞ্চলে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, জাহাজে থাকা সকল ক্রু সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ক্রুরাই নিশ্চিত করেছেন যে, একটি ড্রোন সরাসরি জাহাজটিতে আঘাত হানলে এই ধ্বংসযজ্ঞ শুরু হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বহুমুখী যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখন ইরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত মিত্র হিসেবে পরিচিত এবং দেশটিতে মার্কিন বাহিনীর তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার এবং মার্কিন স্বার্থে আঘাত হানতেই ইরান এই হামলা চালিয়েছে।

এই ঘটনার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং সামুদ্রিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ল। বিশেষ করে কুয়েত ও ইরানের সমুদ্র সীমান্ত কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here