খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

0
16
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের জন্য পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এ বছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং মেজর মোহাম্মদ আবদুল জলিলকে (মরণোত্তর) মনোনীত করা হয়েছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই গৌরবময় পুরস্কার পাচ্ছে। সাহিত্যে অবদানের জন্য ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদকে (মরণোত্তর) নির্বাচিত করা হয়েছে। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন জোবেরা রহমান (লিনু)।

তালিকায় আরও রয়েছেন পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র ও মাহেরীন চৌধুরীকে (মরণোত্তর) মনোনীত করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণে ড. মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এ বছর দেশের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here