জ্বালানি সংকট মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

0
23
জ্বালানি সংকট মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে মন্ত্রী পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জ্বালানি বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, তবে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে পারে। এই সম্ভাব্য সংকট মোকাবিলা এবং আর্থিক বিষয়গুলো তদারকির লক্ষ্যেই অর্থমন্ত্রীর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তার নিজের অফিসের লাইটের ব্যবহার অর্ধেক কমিয়ে দিয়েছেন। দিনের বেলা পর্যাপ্ত সূর্যের আলো যাতে প্রবেশ করতে পারে, সে জন্য জানালার পর্দা সরিয়ে রাখার এবং বাথরুম ও করিডোরে অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া করিডোরে এনার্জি সেভিংস লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এসির ব্যবহার নিয়ন্ত্রণেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি অফিস-আদালতসহ সব ক্ষেত্রে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে। এছাড়া কোথাও অবৈধ এসির সংযোগ থাকলে তা অবিলম্বে বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here