ফিন অ্যালেনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজিল্যান্ড

0
18
ফিন অ্যালেনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ফিন অ্যালেনের অতিমানবীয় ব্যাটিংয়ে ১২ ওভার ৫ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। মাত্র ৩৩ বলে শতক হাঁকিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যালেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতে কুইন্টন ডি কক (১০), রায়ান রিকেলটন (০) এবং এইডেন মার্করামের দ্রুত বিদায়ে চাপে পড়ে প্রোটিয়ারা। দলের বিপদে ব্রেভিস ৩৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হতে থাকে। তবে শেষ দিকে মার্কো জানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ রানের বিধ্বংসী ইনিংসে লড়াকু পুঁজি পায় আফ্রিকা। জানসেনের পাশাপাশি ক্রিস্টিয়ান স্টাবস করেন ২৯ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন। ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেটকিপার ডি কক সেইফার্টের ক্যাচ মিস করলে সুযোগটি কাজে লাগান এই কিউই ব্যাটার। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৮৪ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ২৫ বলে ফিফটি করা সেইফার্ট শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৮ রান করে বিদায় নেন। তার আউটের মধ্য দিয়ে ১১৭ রানের উদ্বোধনী জুটির অবসান ঘটে।

একপ্রান্তে সেইফার্ট ফিরলেও অন্যপ্রান্তে টর্নেডো চালান ফিন অ্যালেন। মাত্র ১৯ বলে ফিফটি ছোঁয়ার পর সেঞ্চুরি পূর্ণ করতে খেলেন মোটে ৩৩ বল। তার এই ইনিংসটি বিশ্বকাপের ইতিহাসে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দলগুলোর বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির নতুন মাইলফলক। শেষ পর্যন্ত ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে ৯ উইকেটের বিশাল জয় ও ফাইনালের টিকিট এনে দেন এই ওপেনার। প্রোটিয়া বোলারদের কোনো সুযোগ না দিয়ে এমন দাপুটে জয় কিউইদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here