বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে রবি চৌধুরীর মন্তব্যে ডলি সায়ন্তনীর কড়া প্রতিবাদ

0
24
বিচ্ছেদের নেপথ্য কারণ নিয়ে রবি চৌধুরীর মন্তব্যে ডলি সায়ন্তনীর কড়া প্রতিবাদ

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরীর পুরনো সংসার ও বিচ্ছেদ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের বিচ্ছেদের পেছনে এক গাড়িচালকের সঙ্গে পরকীয়ার ইঙ্গিত দিলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এবার সেই অভিযোগের কড়া জবাব দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ডলি সায়ন্তনী রবি চৌধুরীর মন্তব্যকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেন, পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি নিয়ে জলঘোলা না করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, তাঁর নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই এবং তিনি বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিচ্ছেদের প্রেক্ষাপট স্পষ্ট করতে গিয়ে ডলি সায়ন্তনী জানান, ডিভোর্সটি তিনিই দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন তা সে সময়েই সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে বিস্তারিত জানানো হয়েছিল। তিনি বলেন, “স্পষ্ট করে বলতে চাই, ডিভোর্স আমিই দিয়েছিলাম। এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।”

পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে ডলি সায়ন্তনী তাঁর স্ট্যাটাস শেষ করেন। ভক্ত ও সাধারণ মানুষকে অনুরোধ করেন যেন ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে অযথা আলোচনার জন্ম দেওয়া না হয়। দুই তারকার এই পাল্টাপাল্টি অবস্থানে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here