হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মন্দিরসহ ১৪ দোকান ভস্মীভূত

0
18
হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মন্দিরসহ ১৪ দোকান ভস্মীভূত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বাজারের ১৪টি দোকান এবং একটি মন্দির সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাজারের মিন্টু দত্তের পেট্রোল ও ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। জ্বালানি তেল থাকায় মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের মন্দিরসহ ১৪টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয় এবং আগুনের প্রচণ্ড তাপে আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দোকানের মালিক মিন্টু দত্ত আহত হয়েছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার পরপরই হরিরামপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে মানিকগঞ্জ ও আরিচা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ১২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। তবে সরকারিভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here