গাইবান্ধায় চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

0
20
গাইবান্ধায় চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি এগ্রোভেট কারখানায় চাঁদা দাবির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে ‘মোল্লা এগ্রো ফার্ম’ নামক কারখানায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কারখানার মালিকের দায়ের করা মামলায় তাদের আটক করে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেলিয়ান গ্রামে বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন মাছের খাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযুক্তরা গিয়ে কাগজপত্র দেখার নাম করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

কারখানার মালিক শরিফুল ইসলাম অভিযোগ করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা তাঁর ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় ভাঙচুর ও হামলার ভয় দেখান।

একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও রাতেই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার ওসি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here