বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

0
24
বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিএস-৩৫০) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মূলত মানবিক দিক বিবেচনা করে এবং যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাদের অগ্রাধিকার দিয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে প্রথমে চট্টগ্রামে যায় এবং সেখান থেকে রাত ৮টা ২০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করে। ফিরতি পথে ১৮৯ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি আজ ভোরে ঢাকায় পৌঁছায়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে এই ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।

বিশেষ এই অভিযানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রুকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তারা আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকা পড়েছিলেন। ইউএস-বাংলার বিএস-৩৪২ ফ্লাইটের মাধ্যমে তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়। মধ্যপ্রাচ্যের আকাশপথ এখনো অস্থিতিশীল থাকায় প্রয়োজনে এ ধরনের আরও বিশেষ ফ্লাইট পরিচালনার ইঙ্গিত দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here