সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
32
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদকে কার্যকর ও শক্তিশালী করার মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ মার্চ) সকালে গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

সংসদীয় রীতিনীতি ও রাষ্ট্রপতির মর্যাদা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুনির্দিষ্ট বিধান রয়েছে। আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।”

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সংসদকে স্মরণীয় করে রাখতে এবং জাতির উচ্চাশা পূরণে এই সংসদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংসদে বিরোধী দলের অবস্থান ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর সাম্প্রতিক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, “সংসদীয় প্রথা অনুযায়ী বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা বা বিধান নেই। তবুও আমরা রাজনৈতিক উদারতা প্রদর্শন করেছি। আমি মনে করি, জামায়াতের উচিত এই উদারতাকে ইতিবাচকভাবে গ্রহণ করা।”

স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত সংসদ সদস্যদের জনগণের সেবায় নিবেদিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী এই নতুন বাংলাদেশে সংসদকে সব বিতর্কের ঊর্ধ্বে রেখে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রশিক্ষণ কর্মশালায় দলের নীতি-নির্ধারক ও অভিজ্ঞ সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here