মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে দীর্ঘ প্রচেষ্টার পর দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। ফিরে আসা ব্যক্তিরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের মো. বাপ্পি (২৮) ও ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া (২২)।
বিজিবি সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী নদীর সীমান্ত এলাকা থেকে মাছ ধরার সময় অপর দুজনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। অপহৃতদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি দ্রুত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ আলোচনার পর আজ তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয় এবং আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। পরিবারের সদস্যদের ফিরে পেয়ে সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।