ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ মার্চ) ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘাতক ফজলুর রহমান বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকায় সেখানেই তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইবি থানায় ৩০২ ও ১০৯ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন—সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পুলিশ তার দুই পাতার একটি লিখিত জবানবন্দি গ্রহণ করে। ওই স্টেটমেন্টে ফজলুর রহমান শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে হত্যার কথা সরাসরি স্বীকার করেছেন।
গত ৪ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ কার্যালয়ে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন ফজলুর। এরপর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা চালান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। আজ অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হলেও জখম গুরুতর হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি।