জ্বালানি সাশ্রয়ে হঠাৎ পাম্প পরিদর্শনে মন্ত্রী

0
20
জ্বালানি সাশ্রয়ে হঠাৎ পাম্প পরিদর্শনে মন্ত্রী

দেশে জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিদর্শনকালে তিনি পাম্প কর্তৃপক্ষকে একবারে অতিরিক্ত তেল বিক্রি না করে নির্দিষ্ট সীমা বা ‘রেশনিং’ মেনে চলার কড়া নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি পাম্পের কর্মকর্তা ও সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলেন। পাম্প মালিকদের সতর্ক করে তিনি বলেন, ‘একবারে সব তেল দিয়ে দিলে পাম্প দ্রুত খালি হয়ে যাবে। বিশ্বে যুদ্ধ চলছে, যার প্রভাব আমাদের ওপরও পড়ছে। এখন থেকেই তেল সাশ্রয় না করলে ভবিষ্যতে পাম্প বন্ধ করে বসে থাকতে হবে।’ তিনি পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে একটি উদাহরণ দিয়ে বলেন, ‘সংসারে এক মণ চাল থাকলে এবং সরবরাহ না থাকলে আপনি কি তা একদিনে খেয়ে ফেলবেন? মানুষকে বোঝান যে তেল আছে, কিন্তু আমাদের মিতব্যয়ী হতে হবে।’

পাম্পগুলোতে ভিড় করা গ্রাহকদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘অস্থির হবেন না। অযথা সময় নষ্ট করছেন কেন? দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে, তবে আমাদের তা পরিমিতভাবে ব্যবহার করতে হবে।’ তিনি মূলত পাম্প সচল রাখা এবং সবার কাছে জ্বালানি পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই এই রেশনিং ব্যবস্থা কার্যকর করার ওপর জোর দেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশে সম্ভাব্য সংকট এড়াতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পাম্পগুলোতে ভিড় করছেন। মূলত এই আতঙ্ক দূর করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতেই মন্ত্রী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here