নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের জয়ের আভাস দিচ্ছে দেশটিতে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, দলটি ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে এবং ইতোমধ্যে একটি আসনে জয় নিশ্চিত করেছে।
গত সেপ্টেম্বর মাসে তরুণদের নেতৃত্বে হওয়া রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর এটিই দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন। ওই বিক্ষোভে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আরএসপির জোয়ারের মুখে ঐতিহ্যবাহী দলগুলো বেশ পিছিয়ে রয়েছে। নেপালি কংগ্রেস (এনসি) এখন পর্যন্ত একটি আসনে জয়ী হয়ে ১০টি আসনে এগিয়ে আছে। এছাড়া সিপিএন-ইউএমএল ১২টি এবং নেপালি কমিউনিস্ট পার্টি প্রায় ১০টি আসনে লিড দিচ্ছে।
অন্যান্য দলগুলোর মধ্যে শ্রম সংস্কৃতি পার্টি চারটি এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি একটি করে আসনে এগিয়ে রয়েছে। ২৭৫ সদস্যের পার্লামেন্টের এই নির্বাচনে ১৬৫ জন সরাসরি এবং ১১০ জন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচিত হবেন।
বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক পরিবর্তনের নেপথ্যে রয়েছেন ৩৫ বছর বয়সী জনপ্রিয় র্যাপ গায়ক ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ (ব্যালেন শাহ)। গত জানুয়ারিতে আরএসপিতে যোগ দিয়ে তিনি দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন এবং সেপ্টেম্বর বিপ্লবের অন্যতম প্রধান মুখ হিসেবে আবির্ভূত হন।
নেপালের ১ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে এবার প্রায় ১০ লাখ নতুন তরুণ ভোটার যুক্ত হয়েছেন, যাদের সমর্থনই আরএসপি-কে এই বিশাল জয়ের পথে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।