ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় বিমানবাহিনীর একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে যোগাযোগ হারানোর পর তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়। পরবর্তীতে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার এক দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পাহাড়ের দিক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং আগুনের গোলা দেখতে পান। মূলত বিমানটি ওই প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে তারা নিহতদের পরিবারের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এর আগেও সুখোই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। ২০২৪ সালের জুন মাসে মহারাষ্ট্রের নাসিকে এবং ২০২৩ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর সুখোই-৩০ জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল।
উল্লেখ্য, সুখোই এসইউ-৩০ এমকেআই রাশিয়ার তৈরি দুই আসনের একটি বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান। বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি করছে।