পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে অনলাইনে ১৭ মার্চের যাত্রার জন্য টিকিট সংগ্রহ করা যাচ্ছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে।
যাত্রীদের সুবিধার্থে এবং ভিড় এড়াতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, গত ৩ মার্চ থেকে যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী—১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
যারা আসনের টিকিট পাবেন না, তাদের অনুরোধে ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
টিকিট কালোবাজারি রোধে এবার বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করেছে রেলওয়ে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি ব্যবহার করে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। এছাড়া টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ এবার রাখা হয়নি।