ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিনের, খামেনির মৃত্যুতে শোক ও সংহতি প্রকাশ

0
19
ইরানে যুদ্ধ বন্ধের আহ্বান পুতিনের, খামেনির মৃত্যুতে শোক ও সংহতি প্রকাশ

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক দীর্ঘ ফোনালাপের পর তিনি জরুরিভিত্তিতে ইরানে সামরিক সহিংসতা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে বলপ্রয়োগের পথ পরিহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কূটনীতির পথে ফিরে আসার অনুরোধ করেন রুশ প্রেসিডেন্ট।

ফোনালাপের পরপরই রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে দেশটির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন। ক্রেমলিনের মতে, মধ্যপ্রাচ্যের এই সংকট সমাধানে বলপ্রয়োগের কৌশল দীর্ঘমেয়াদে বিপর্যয় ডেকে আনবে, তাই রাজনৈতিক সমাধানই একমাত্র পথ।

উল্লেখ্য, গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলা আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর ঠিক পরের দিন, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। এই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ডে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, এই যুদ্ধে ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা ও কৌশলগত সহায়তা দিচ্ছে মস্কো। পুতিনের সাম্প্রতিক এই অবস্থান এবং পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ মধ্যপ্রাচ্যে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ও ইরানের সঙ্গে তাদের গভীর মিত্রতারই প্রতিফলন। পুতিন স্পষ্ট করেছেন যে, রাশিয়া কেবল ইরানের পাশে নেই বরং পুরো উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here