কক্সবাজার সদর হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ হাসপাতালের লিফটের নিচের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে অনুসন্ধানে গিয়ে মরদেহটির সন্ধান পায় হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত নারীর নাম কোহিনূর আকতার। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার কাতারপ্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং নিও জানান, হাসপাতালের একটি লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হলে তার উৎস খুঁজতে গিয়ে গর্তের ভেতর মরদেহটি দেখা যায়। তাৎক্ষণিকভাবে নিহতের স্বজন ও পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে ওই নারী কীভাবে লিফটের নিচের গর্তে পড়ে গেলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দীন জানান, গত ৩ মার্চ কোহিনূর আকতার তার ৫ বছরের অসুস্থ মেয়ে মরিয়ম আক্তারকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে ভর্তি করান। পরদিন ৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে ওষুধ আনার কথা বলে তিনি নিচে নামেন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার শ্বশুর আলী আকবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
ওসি আরও বলেন, নিখোঁজের পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে ওই নারীকে খোঁজার চেষ্টা করছিল। শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের নিচে মরদেহ পাওয়ার বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কীভাবে ওই নারী লিফটের নিচে পড়ে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।